শফিকুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের ষষ্ঠ দিনে বুধবার (৪ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়, ফায়ার সার্ভিস, খাড়াজোড়া, পল্লী বিদ্যুৎ ও সফিপুর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করেছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
বুধবার সকাল ৯টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গত কয়েক দিন ধরে শ্রমিকদের যে আন্দোলন চলছে, ধীরে ধীরে শ্রমিকরাও বুঝতে পারছেন, তাদের দাবিদাওয়া মেনে নেওয়ার পক্ষে সরকার কাজ করছে। এটি বুঝতে পেরে তারা আন্দোলনে অনীহা প্রকাশ করছেন এবং আন্দোলনে আসতে চাচ্ছেন না। বর্তমান অবস্থা দেখলেই বুঝতে পারবেন, রাস্তাঘাট একেবারেই স্বাভাবিক, যানবাহন চলছে এবং সবকিছুই ঠিক আছে।
সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ!

তিনি আরও জানান, গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। বিশেষ করে জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে। তাদের নেতৃত্বে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

















