স্টাফ রিপোর্টার, ঢাকা:
রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় ফোরকান হোসেন ওরফে মেহেদী (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে একটি টয়োটা অ্যালিয়ন মডেলের গাড়ি উদ্ধার করা হয়েছে।
কাকরাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ অক্টোবর রমনা মডেল থানায় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুরের শেওড়াপাড়ার অরবিট গলি এলাকায় অভিযান চালিয়ে ফোরকান হোসেন ওরফে মেহেদীকে গ্রেফতার করা হয়।
পুকুরে ডুবে প্রাণ গেল প্রবাসীর একমাত্র ছেলের!

পরবর্তীতে গ্রেফতার আসামির স্বীকারোক্তি ও দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ইস্কাটন নেভি কলোনির পেছনে অবস্থিত ‘কামাল কুঞ্জ’ (বাসা নম্বর: ২৪/২) এ অভিযান চালানো হয়। সেখান থেকে ঢাকা মেট্রো-গ-২৭-৯৫২৩ নম্বরের টয়োটা অ্যালিয়ন মডেলের গাড়িটি উদ্ধার করে জব্দ করা হয়।
তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার পর বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
















