ভারতের পাঞ্জাবে চলন্ত একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনটির চারটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) পাঞ্জাবের সারাই বানজারা রেলস্টেশনের কাছে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অমৃতসার থেকে নিউ জলপাইগুঁড়িগামী কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক থেকে পঞ্চম বগিতে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আরও তিনটি বগিতে। এতে মোট চারটি বগি আগুনে পুড়ে যায়।
১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নজির গড়লেন নাশরা নাইম!

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ট্রেনটির একাধিক বগি থেকে দাউদাউ করে আগুনের শিখা বের হচ্ছে। এ সময় জরুরি পরিষেবার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
অন্য একটি সূত্রের বরাতে জানা গেছে, অমৃতসার থেকে যাত্রা শুরুর পর বসন্তপুরা রেলস্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। স্থানটি রাজপুরা গ্রাম থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের চারটি বগি পুড়ে যাওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্র: এনডিটিভি।
















