ডিসেম্বর মাসে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ডিসেম্বর মাসে এনসিপি ও সাধারণ মানুষ মাঠে থাকবে। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ করে দেওয়ার জন্য সরকারের সমালোচনা করেছেন তিনি। গত আট মাসে মামলার বিচারপ্রক্রিয়ায় আপস এবং বিভিন্ন জায়গায় মামলা-বাণিজ্য হয়েছে বলেও অভিযোগ করেন এই নেতা।
শুক্রবার রাতে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। ডিসেম্বর মাসে আমরা মাঠে থাকব, আমাদের জনগণ মাঠে থাকবে।’
৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটিকে রাজনীতির সুযোগ দেওয়া হচ্ছে। গত আট মাসে মামলার বিচারপ্রক্রিয়ায় আপস করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মামলা-বাণিজ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।
জয়পুরহাট জেলা এনসিপির উদ্যোগে দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম রঞ্জু।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহসাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী। এ ছাড়া জেলা এনসিপির সদস্যসচিব ইসমাইল হোসেন হাদীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় চার জেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি, পরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
















