যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক কীর্তি গড়েই চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার টানা দ্বিতীয় মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতে নতুন ইতিহাস গড়েছেন তিনি। এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জয়ের অনন্য রেকর্ড গড়লেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
২০২৬ মৌসুমে মেসি মোট ২৬টি গোল করেছেন। মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে ইন্টার মায়ামি। ম্যাচটিতে নিজে গোলের দেখা না পেলেও সতীর্থদের দুটি গোলে সরাসরি অবদান রাখেন মেসি। নিজেদের মাঠে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি মায়ামি।
তবে শেষ ম্যাচে গোল না পেলেও গোল্ডেন বুট জয়ে কোনো বাধা তৈরি হয়নি মেসির। প্রতিযোগিতায় তার ধারেকাছেও যেতে পারেননি অন্য গোলদাতারা। নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা ২২টি গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে ন্যাশভিল এসসির স্যাম সারিজের গোলসংখ্যা ২১।
শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, পাকিস্তানের বাঁচা-মরার লড়াই!

এর আগে ২০২৫ মৌসুমে ২৯টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। সেই মৌসুমে তার গোলসংখ্যা ছিল এমএলএসের এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের তালিকায় চতুর্থ। এবার গোলের সংখ্যা কিছুটা কম হলেও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি।
ইন্টার মায়ামির আক্রমণভাগেও মেসির প্রভাব ছিল চোখে পড়ার মতো। পুরো লিগে দলটি সর্বোচ্চ ৮০টি গোল করেছে। এর মধ্যে মেসি একাই করেছেন ২৬টি। শুধু গোল করেই থেমে থাকেননি তিনি, সতীর্থদের দিয়ে আরও ১৭টি গোল করিয়েছেন। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মায়ামির মোট ৮০ গোলের মধ্যে ৪৩টিতেই সরাসরি অবদান রয়েছে তার।
সব মিলিয়ে ২০২৬ মৌসুমে ২৬ গোল ও ১৭ অ্যাসিস্ট নিয়ে আবারও এমএলএসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন মেসি। টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন এক ইতিহাসও লিখলেন এই আর্জেন্টাইন মহাতারকা।
















