শাহ আলম, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এক যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে টাউন হল মিলনায়তন চত্বরে এ ঘটনা ঘটে। নিহত মনসুর আলী কুড়িগ্রাম পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন ছয়আনী পাড়ার বাসিন্দা এবং তার স্ত্রী আহত মল্লিকা বেগম (৫৫)। গ্রেফতার যুবক শাহনেওয়াজ ওরফে সানি (৩২) পৌর এলাকার সরদারপাড়ার বাসিন্দা জুলহাস আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান চলছিল। এ সময় সানি মাদক সেবনের জন্য টাউন হল মিলনায়তন চত্বরে গেলে তাকে বাধা দেন কেয়ারটেকার মনসুর আলী। পরে অনুষ্ঠান শেষ হলে অতিথিসহ আগত মানুষজন চলে যান। দুপুর হওয়ায় মনসুর আলীর স্ত্রী মল্লিকা বেগম দুপুরের খাবার নিয়ে সেখানে যান। এ সময় আটক যুবক তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালান। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। একই সঙ্গে সানিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
মিঠাপুকুরে নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির তিন সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ

কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরে নেওয়াজ বলেন, দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলেও এর মধ্যে একজন পথিমধ্যেই মারা গেছেন। অপরজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সানি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

















