সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে ‘দিবাস্বপ্ন’ আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শত শত মানুষ হত্যার পর শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং জনগণ তাকে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেবে—এমন ধারণা বাস্তবতাবিবর্জিত। শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘শেখ হাসিনা এখন আওয়াজে হিন্দুস্থান।’
রোববার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে কথা বলতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, তার দেশে ফেরার বক্তব্যে বাংলাদেশের মানুষ ভীত নয়। ভারতের প্রভাবেই শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে এমন বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। তবে দেশের ছাত্র-জনতা তাকে আর কখনো মেনে নেবে না বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী!

ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, সে সময় ভারতপন্থী সেনা কর্মকর্তা খালেদ মোশাররফের মূল লক্ষ্য ছিল দেশে আবারও বাকশাল প্রতিষ্ঠা করা। তবে সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে সেই প্রচেষ্টা প্রতিহত করে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করেছিল।
তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশের জনগণ যেকোনো ধরনের আধিপত্যবাদী তৎপরতা ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
















