জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর দায়ের করা মানহানির অভিযোগে তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগে দায়ের করা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে একই বাদীর করা আরেকটি মামলায়ও তানজিন তিশার বিরুদ্ধে আদালত সমন জারি করেছিলেন।
রোববার (৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামালউদ্দীনের ২৩ নম্বর আদালতে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সি.আর. ১৩৭১ নম্বরের এ মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায়।
আইনজীবী জানান, এর আগে মানহানি, আপত্তিকর ছবি প্রকাশ ও সাইবার হয়রানির অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে পাঠানো ওই নোটিশে দুই দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো জবাব না পাওয়ায় বাদী আদালতের দ্বারস্থ হয়েছেন।
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ!

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তানজিন তিশার ভেরিফায়েড ফেসবুক পেজে সানায়া আনামকে নিয়ে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। এতে বাদীর ব্যক্তিগত সম্মান ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি মেসেঞ্জারে ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি দেওয়া এবং অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
এর আগে গত ২৬ অক্টোবর হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা করেন একই ফ্যাশন ডিজাইনার। ওই মামলায় অভিনেত্রীকে সমন জারি করে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাদীর দাবি, এর আগে দায়ের করা একটি মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তার নারাজি আবেদন আদালত মঞ্জুর করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন তিনি।
নতুন মামলাটির তদন্তভার পিবিআইকে দেওয়ায় তানজিন তিশাকে ঘিরে চলমান আইনি জটিলতায় নতুন মাত্রা যোগ হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।
















