ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি। তবে এই দুই তারকার বাইরেও তাঁর জীবনে ছিল বিশেষ একজন মানুষ, যাঁকে একসময় মনে মনে বিয়ে করে সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন এই অভিনেতা। দীর্ঘদিন আগের সেই প্রেমের গল্পের কথা নিজেই জানিয়েছেন শাকিব খান। তাঁর স্বীকারোক্তি, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম।’
বেশ কিছুদিন আগে চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় নিজের অতীত প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেন শাকিব। অনুষ্ঠানে তাঁদের আলোচনায় উঠে আসে অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি। একপর্যায়ে পূর্ণিমা শাকিবের জীবনের সেই বিশেষ মানুষটির প্রসঙ্গ সামনে আনেন।
পূর্ণিমার দেওয়া তথ্য অনুযায়ী, ওই তরুণী ছিলেন চলচ্চিত্র কিংবা বিনোদনজগতের বাইরের মানুষ। ঢাকার একটি প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে হিসেবে পরিচিত ছিলেন তিনি। পড়াশোনা করেছিলেন গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে। শাকিবের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও সহকর্মীও তাঁদের সম্পর্কের বিষয়ে জানতেন।
৮৩ বছর বয়সে মারা গেলেন ‘দ্য ওক রিজ বয়েজ’-এর কিংবদন্তি রিচার্ড স্টারবান!

সেই সম্পর্কের কথা স্বীকার করে শাকিব জানান, মেয়েটির সঙ্গে তাঁর গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। একপর্যায়ে তাঁকে জীবনসঙ্গী করার ইচ্ছাও পোষণ করেছিলেন তিনি। এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম।’ মেয়েটির পরিবার ও ব্যক্তিত্বের প্রশংসা করেও কথা বলেন এই অভিনেতা।
তবে গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক পরিণতি পায়নি। নানা অভিমান ও পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে দুজনের পথ আলাদা হয়ে যায়। সম্পর্ক ভেঙে যাওয়ার বহু বছর পেরিয়ে গেলেও সেই স্মৃতি এখনো শাকিবের মনে দাগ কেটে আছে।
অনুষ্ঠানে নিজের অতীতের কথা বলতে গিয়ে শাকিব জানান, মাঝেমধ্যে একা বসে জীবনের নানা সিদ্ধান্ত ও প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে ভাবেন তিনি। কোথায় যেতে চেয়েছিলেন, কার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলেন, আর শেষ পর্যন্ত কোথায় এসে পৌঁছেছেন—এসব বিষয় তাঁর মনে আসে। তাঁদের সম্পর্ক কীভাবে ভেঙে গেল, তা কখনো কখনো নিজের কাছেও বিস্ময়কর মনে হয় বলে জানান তিনি।
পূর্ণিমা যখন জানতে চান, জীবনের প্রথম প্রেমকে এখনো মনে পড়ে কি না, তখন শাকিব স্বীকার করেন, সেই মানুষটির কথা তাঁর মনে পড়ে। তবে বর্তমানে তাঁদের মধ্যে কোনো যোগাযোগ নেই। নতুন করে যোগাযোগ করার ইচ্ছাও নেই তাঁর। যদিও চলার পথে মাঝেমধ্যে ওই পরিবারের বাড়ির সামনে দিয়ে যাওয়া হয় বলে জানান অভিনেতা।
সম্পর্ক ভাঙার কারণ প্রসঙ্গে শাকিবের ধারণা, ভালোবাসা বেশি থাকলে অনেক সময় ছোটখাটো বিষয় নিয়েও অভিমান তৈরি হয়। তাঁদের সম্পর্কের ক্ষেত্রেও হয়তো এমন কিছু ঘটেছিল। সেই বিচ্ছেদের ঘটনায় এখনো তাঁর মধ্যে একধরনের অনুশোচনা কাজ করে।
ব্যক্তিজীবনে এমন কিছু অপ্রাপ্তি থাকলেও চলচ্চিত্রজগতে শাকিব খানের পথচলা সাফল্যে ভরপুর। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।
‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘বরবাদ’-এর মতো সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন এই অভিনেতা। সময়ের সঙ্গে নিজের অভিনয়শৈলী ও পর্দার উপস্থিতিতেও পরিবর্তন এনেছেন তিনি।
গত অক্টোবরে নিউইয়র্কে আয়োজিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ সেরা অভিনেতার পুরস্কার পান শাকিব খান। একই অনুষ্ঠানে উদ্যাপন করা হয় তাঁর চলচ্চিত্রজীবনের ২৭ বছর।
বর্তমানে নতুন সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। আলোচনায় রয়েছে তাঁর নতুন সিনেমা ‘নিঃস্ব’। এতে তাঁর বিপরীতে আবারও অভিনয় করার কথা রয়েছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের।
এ ছাড়া নির্মাতা হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমা নিয়েও পরিকল্পনা চলছে। ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছেন সংশ্লিষ্টরা। তবে এতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে, গত বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সেরা নায়কের সম্মাননা পান শাকিব। সেখানে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের উন্নয়নে সরকারি সহযোগিতা, নতুন বিনিয়োগ ও আধুনিক প্রেক্ষাগৃহ নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
একই অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথভাবে কাজ করার সম্ভাবনার কথাও জানান এই অভিনেতা। তাঁর নতুন সিনেমায় পাকিস্তানের একজন অভিনেত্রী অভিনয় করতে পারেন বলেও আভাস দেন তিনি।

















