কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি দীর্ঘদিনের। দেশে নতুন নতুন বিভাগ গঠিত হলেও এখনো পূরণ হয়নি কুমিল্লাবাসীর সেই প্রত্যাশা। এ নিয়ে জাতীয় সংসদে হতাশা প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। আক্ষেপ করে তিনি বলেছেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানাতে জানাতে তিনি বৃদ্ধ হয়ে গেছেন। এ সময় সরকারের কাছে সরাসরি জানতে চান, কবে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি তুলে ধরেন তিনি।
মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার দীর্ঘদিনের ঐতিহাসিক ও শিক্ষাগত ঐতিহ্য রয়েছে। মহানগরী হিসেবে পরিচিতি থাকলেও এখন পর্যন্ত মেট্রোপলিটন নগরীর আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি কুমিল্লা। দুটি পৌরসভা একীভূত করে মহানগরী করা হলেও অবকাঠামো ও নাগরিক সেবার ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এখনো অনেক সেবা উপজেলা পর্যায় থেকে পরিচালিত হচ্ছে। তাঁর মতে, এটি কুমিল্লার মানুষের প্রতি এক ধরনের অবিচার।
সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!

তিনি আরও জানান, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবিতে ১২ জন সংসদ সদস্য একসঙ্গে সরকারকে চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এক মাসের মধ্যে কক্সবাজারে পৌরসভা করা হয়েছে। তাই আগামী এক বছরের মধ্যে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী ও বিভাগ হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি আশা করেন।
নিজের হতাশা ও দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে মনিরুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে নেই। তিনি জানেন, আমাদের বিব্রত হওয়ার অবস্থাটা। এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম। কোনো কিছু করতে পারিনি। আশায় আশায় বেঁচে আছি। আশা করি, কুমিল্লার প্রতি সুবিচার করবেন। আল্লাহ আপনাদের প্রতি সুবিচার করবেন।’
তিনি বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানানোর পর দেশে আরও অনেক বিভাগ গঠিত হয়েছে। এ বিষয়ে আরও অনেক কথা বলার থাকলেও তিনি কুমিল্লার মানুষের সম্মান রক্ষার আহ্বান জানাতে চান।
সরকারের কাছে সরাসরি প্রশ্ন রেখে এই সংসদ সদস্য বলেন, ‘আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অবিলম্বে জানতে চাই, কবে কুমিল্লা বিভাগ হবে।’
বক্তব্যের একপর্যায়ে নিজের বয়সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বৃদ্ধ বয়সে এমপি হয়েছি, বসে গেলাম।’
এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রসিকতা করে বলেন, ‘কোথায় বৃদ্ধ! আপনাকে তো নওজোয়ান মনে হচ্ছে।’ স্পিকারের এই মন্তব্যে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।
















