চলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধার’ বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। একই সঙ্গে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করতে স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ এবং নির্ধারিত খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান মন্ত্রী।
এদিন সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত খরচের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে মালয়েশিয়ায় একজন কর্মী পাঠাতে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এ পরিস্থিতির সমাধান কবে হবে এবং কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো সম্ভব হবে, তা জানতে চান তিনি।
‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

এ ছাড়া সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা মালয়েশিয়া যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠনের বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, আগামী দিনেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, চলতি নভেম্বরের শেষ দিকে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধার বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। এর মাধ্যমে তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা হবে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারিভাবে এ ক্ষেত্রে সর্বমোট খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। নির্ধারিত এই খরচের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায় কিংবা অন্য কোনো অনিয়মের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সংসদে প্রবাসীদের সুরক্ষা ও বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের নানা সমস্যার বিষয়েও আলোচনা হয়। এক সংসদ সদস্য জানান, ২০২৫-২৬ অর্থবছরে বিদেশ থেকে দেশে ৪ লাখ ৩৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রবাসীরা বিদেশে বিভিন্ন ধরনের দুর্ভোগ ও সমস্যার মুখোমুখি হচ্ছেন।
অন্যদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার।
তিনি জানান, বিদেশে পাঠানোর পর চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না দেওয়া এবং বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণাসহ বিভিন্ন বিষয়ে কর্মী ও তাঁদের অভিভাবকদের অভিযোগ তদন্ত করা হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কর্মীদের স্বার্থ রক্ষায় সরকার অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখবে।
















