মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সাংবাদিকের স্পর্শ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। এ সময় ছয় বছর ধরে আদালতে আসা-যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন পরীমণি।
এ সময় পরীমণি বলেন, ‘কোর্টে আসা-যাওয়ার প্রায় ছয় বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর এবং মূলধারার সাংবাদিক—সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারও সঙ্গে আমার দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’
‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে কড়া জবাব অপু বিশ্বাসের!

সাংবাদিকের স্পর্শের বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছ? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত আগামী ২৩ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেন।
ফলে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ওই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে পরীমণিকে।
















