গণভোটের রায় মেনে নিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণভোটের গণরায় মেনে নিলে চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব হবে এবং জনগণের আস্থাও ফিরে আসবে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। এর আগে সকাল ১১টায় দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করায় দেশে রাজনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করে জামায়াত। তাঁর দাবি, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছিল এবং পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু সরকার সেই গণরায় উপেক্ষা করছে।
১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলেই জামায়াত তাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করবে। এরপর সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সংসদীয় প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে পারবে। তবে সরকারের পক্ষ থেকে সহযোগিতার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব জামায়াতের কাছে আসেনি বলেও জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় সহিংসতা, অগ্নিসংযোগ, হামলা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতির ভূমিকা নেওয়া প্রয়োজন বলে মনে করেন জামায়াতের এই নেতা।
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের একটি অংশের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের বিভিন্ন পদে ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এখনো রয়েছেন বলেও দাবি করেন তিনি। এসব ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
জামায়াতের কর্মসূচি প্রসঙ্গে গোলাম পরওয়ার জানান, ডিসেম্বর মাসজুড়ে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করবে। আগামী ২১ তারিখ রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশের সব রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের নিরাপত্তা রক্ষা করতে হবে। এ সংকট নিরসনে জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত। তাঁর ভাষায়, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ বাঁচবে।
বিএনপির সঙ্গে একযোগে মাঠে থাকার বিষয়ে প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, বিএনপি ও জামায়াত পৃথক রাজনৈতিক দল। বিএনপি সরকার পরিচালনা করছে, আর জামায়াত বিরোধী দলে রয়েছে। তবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
















