চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন চীনের এক দম্পতি। তুরস্কের আনতালিয়া শহরে এক তুর্কি পরিবারের আতিথেয়তা, আন্তরিকতা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে এসে ইসলাম সম্পর্কে আগ্রহী হন আট বছর ধরে বিবাহিত এই দম্পতি। পরে ইসলাম গ্রহণের পাশাপাশি ইসলামী রীতিতে নতুন করে বিয়েও সম্পন্ন করেন তারা।
প্রায় দুই বছর আগে বেইজিংয়ের চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বের হন মোইয়ান সং ও লুওশি শু। বিভিন্ন দেশের সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা জানার উদ্দেশ্যে শুরু হওয়া তাদের ভ্রমণের প্রথম গন্তব্য ছিল ইন্দোনেশিয়া। সেখানে মুসলমানদের আতিথেয়তা ও সুন্দর আচরণ তাদের মনে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি করে।
ভ্রমণের একপর্যায়ে তুরস্কের আনতালিয়া শহরের ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সঙ্গে পরিচয় হয় তাদের। ভাষাগত ভিন্নতা থাকলেও ইংরেজি ও অনুবাদ অ্যাপের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তুর্কি দম্পতি চীনা দম্পতিকে নিজেদের বাড়িতে ঐতিহ্যবাহী তুর্কি নাশতার আমন্ত্রণ জানান।
মুসলিম নারী ক্যাডেটের স্যালুটের জবাবে উঠে দাঁড়িয়ে পাল্টা স্যালুট, প্রশংসায় কেরালার মুখ্যমন্ত্রী!

কথোপকথনের সময় ইসলাম সম্পর্কে চীনা দম্পতির আগ্রহ ও বিভিন্ন প্রশ্ন দেখে আয়সেল তাদের একটি পবিত্র কোরআনের কপি উপহার দেন। বইটি তাদের মনে গভীর প্রভাব ফেলে।
পরবর্তী সময়ে চীনে ফিরে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন মোইয়ান সং ও লুওশি শু। তবে যে আনতালিয়া শহরে তুর্কি পরিবারের সঙ্গে তাদের পরিচয় হয়েছিল, সেখানেই আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করতে আবারও তুরস্কে ফিরে আসেন তারা।
আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে ওই তুর্কি পরিবারের উপস্থিতিতে একজন ইমামের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন এই দম্পতি। ইসলাম গ্রহণের পর মোইয়ান সং নিজের নাম রাখেন মুহাম্মদ মুরাদ এবং তার স্ত্রী লুওশি শুর নতুন নাম হয় লায়লা বাতুল।
এদিকে কাজি মুহাম্মদ কুশুক তাদের আট বছর আগের বিয়েটি ইসলামী রীতি অনুযায়ী নতুন করে সম্পন্ন করেন। বর্তমানে তারা মানসিক প্রশান্তি অনুভব করছেন বলে জানিয়েছেন এবং ইসলাম সম্পর্কে আরও জানতে চীনা ভাষায় অনূদিত বিভিন্ন ইসলামী বই পড়ছেন। তুর্কি পরিবারের সঙ্গে তাদের পরিচয় এখন পারিবারিক সম্পর্কের রূপ নিয়েছে।
















