লালমনিরহাট জেলা প্রতিনিধি:
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রীর পদধূলিতে মুখর হয়ে উঠল উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট। প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দিনের সফর ঘিরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে জেলার সর্বত্র। ব্যানার-ফেস্টুন, তোরণ, বর্ণিল সাজসজ্জা, দলীয় নেতাকর্মীদের স্লোগান আর সাধারণ মানুষের উচ্ছ্বাসে পরিণত হয় পুরো জেলা এক মিলনমেলায়। তবে এ সফর কেবল আনুষ্ঠানিকতা কিংবা রাজনৈতিক জনসভায় সীমাবদ্ধ থাকেনি; বরং দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়ন, কৃষি, শিল্পায়ন, কর্মসংস্থান ও মানুষের জীবনমান পরিবর্তনের নানা প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লালমনিরহাটের তিস্তা সেতু থেকে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কের পাশে নির্মাণ করা হয় ১০টি বর্ণিল মঞ্চ। প্রায় ৪৫০ জন ক্ষুদে শিক্ষার্থীর অংশগ্রহণে বিভিন্ন নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এসব পরিবেশনায় তুলে ধরা হয় লালমনিরহাটের ইতিহাস, ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জীবনের নানা চিত্র। শিশু-কিশোরদের বর্ণিল পরিবেশনা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সফর হয়ে ওঠে উৎসবমুখর।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন। উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনসভায় তিনি বলেন, মহেন্দ্রনগর মডেল খাল খনন সম্পন্ন হলে কৃষকেরা সেচ সুবিধা পাবেন এবং খালের আশপাশের মানুষের পানির কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। খালটিকে পরিকল্পিতভাবে সাজিয়ে নির্দিষ্ট অংশ তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়ার মাধ্যমে মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে স্থানীয় যুবকদের কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা হয়।
প্রধানমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার। কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা নিশ্চিত এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
লালমনিরহাটের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও অতীতের সরকার তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারাজ কিংবা এ অঞ্চলে গ্যাসলাইন স্থাপন ও ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন করেনি। এ অঞ্চলের মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি জানান, খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এ গ্যাসলাইন স্থাপন করা সম্ভব হলে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলে শিল্প-কারখানা স্থাপন ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। এতে বেকার যুবকদের কর্মসংস্থানের পথ সুগম হবে।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী মাস থেকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এ কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের নারী সদস্য মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবেন। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড, শিক্ষার্থীদের উপবৃত্তি, ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
জনসভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে আর ফিরে যেতে চায় না জনগণ। সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে লালমনিরহাটের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার জায়গায় রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ, কৃষির উন্নয়ন, শিল্পাঞ্চল ও ইপিজেড প্রতিষ্ঠা, গ্যাসলাইন সংযোগ, রেল ও সড়ক যোগাযোগের আধুনিকায়ন এবং বেকারত্ব নিরসন। এসব বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ ও বাস্তবায়নের দিকে তাকিয়ে রয়েছেন জেলাবাসী।
বিশেষ করে তিস্তা নদীর ভাঙন ও বন্যায় প্রতিবছর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্থায়ী সমাধান, কৃষকদের সেচ সুবিধা, তরুণদের কর্মসংস্থান এবং শিল্প-কারখানা প্রতিষ্ঠার বিষয়গুলো সফরকে ঘিরে নতুন করে আশার সঞ্চার করেছে।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফর লালমনিরহাটের রাজনৈতিক, সামাজিক ও উন্নয়ন আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বর্ণিল সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এ সফরে খাল পুনঃখনন, কৃষি ও কর্মসংস্থানের পরিকল্পনা এবং উত্তরাঞ্চলে গ্যাসলাইন স্থাপনের ঘোষণা জেলাবাসীর প্রত্যাশাকে আরও জোরালো করেছে। এখন এসব পরিকল্পনার বাস্তবায়ন দেখার অপেক্ষায় লালমনিরহাটের মানুষ।

















