বিশ্ব চলচ্চিত্রের সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশিত এই তালিকায় ৯২তম অবস্থানে রয়েছেন তিনি। বিশেষ বিষয় হলো, তালিকায় জায়গা পাওয়া একমাত্র ভারতীয় চলচ্চিত্র তারকা শাহরুখ। হলিউডসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রশিল্পের কিংবদন্তি অভিনয়শিল্পীদের সঙ্গে একই তালিকায় স্থান পাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন ‘কিং খান’।
ভ্যারাইটির প্রকাশিত তালিকায় শাহরুখ খানের প্রতিনিধিত্বশীল সিনেমা হিসেবে রাখা হয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’। ২০০২ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় দেবদাস চরিত্রে অভিনয় করেন শাহরুখ। পার্বতীর প্রতি গভীর ভালোবাসা, বিচ্ছেদ ও বিষাদময় জীবনের গল্পে তার আবেগঘন অভিনয় দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা অর্জন করে। সিনেমাটিতে তার বিপরীতে পার্বতী চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
ভ্যারাইটির এই তালিকার শীর্ষস্থান দখল করেছেন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় অবস্থানে রয়েছেন হামফ্রে বোগার্ট, তৃতীয় চার্লি চ্যাপলিন, চতুর্থ জ্যাক নিকলসন এবং পঞ্চম স্থানে ক্যাথরিন হেপবার্ন। সেরা দশে আরও রয়েছেন সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি চলচ্চিত্রের কিংবদন্তি তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।
শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি, প্রযোজকের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন!

তালিকায় শাহরুখের ঠিক পরের অবস্থান অর্থাৎ ৯৩তম স্থানে রয়েছেন হোয়াকিন ফিনিক্স। এ ছাড়া নিকোলাস কেজ ৮৯তম, কেট উইন্সলেট ৮৪তম, এমা স্টোন ৯৪তম এবং জেনডায়া ৯৮তম অবস্থানে রয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনে শাহরুখের এমন স্বীকৃতি অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালে ‘এম্পায়ার’ সাময়িকীর পাঠকদের ভোটে নির্বাচিত সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি। সেখানেও একমাত্র ভারতীয় অভিনেতা ছিলেন শাহরুখ। এরপর ২০২৩ সালে ‘টাইম’ সাময়িকীর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও অন্তর্ভুক্ত হন এই বলিউড তারকা।
আশির দশকের শেষ দিকে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শাহরুখ খান। পরে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে ১৯৯২ সালে বলিউডে নায়ক হিসেবে অভিষেক হয় তার। তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবনে ৯০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। রোমান্টিক, অ্যাকশন ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত তৈরি করেছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি বাণিজ্যিক সাফল্য ও আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রভাবের কারণে ‘কিং খান’ এবং ‘বলিউড বাদশাহ’ হিসেবেও পরিচিত তিনি।
এদিকে শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
















