কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে জাতীয় ঐক্যের আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংসদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে একমত হলেও বিএনপি ও জামায়াত এক মঞ্চে উঠছে না কিংবা যুগপৎ কর্মসূচি পালন করছে না। দল দুটি নিজ নিজ অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে।
রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো যার যার অবস্থান থেকে পৃথক কর্মসূচি পালন করবে। ইতোমধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে বিএনপিও ডিসেম্বরকে কেন্দ্র করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তবে নাশকতা প্রতিরোধে দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং রাজনৈতিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, ২০২৪ সালে যেভাবে পতিত স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, একই চেতনায় আবারও অপশক্তিকে প্রতিহত করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিষদাঁত ভেঙে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সবাই একই কাতারে ছিলেন। কিন্তু বর্তমানে ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসা প্রয়োজন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পৃথক কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি ফ্যাসিবাদ প্রতিরোধে শিগগিরই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে বসতে পারেন। সেখানে জাতীয় ঐক্য আরও সুসংহত করার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বিএনপির সঙ্গে বিরোধী দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্যের পথে সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবিরের একাংশ। তাদের অভিযোগ, কয়েকজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর বক্তব্য ও আচরণ রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে। এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নেয়, সেটিও জানতে চায় বিরোধী দলগুলো।
বিরোধী দলগুলোর পক্ষ থেকে আরও বলা হচ্ছে, এই ঐক্য যেন সাময়িক না হয়, সে জন্য লিখিত অঙ্গীকার প্রয়োজন। তাদের প্রস্তাবিত এই ঐক্যের নাম হতে পারে ‘জুলাই ঐক্য’। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং সংবিধানে জুলাই-সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত চায় তারা। তবে এসব বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজপথে প্রত্যেক দল নিজস্ব কর্মসূচি নিয়ে সক্রিয় থাকার পক্ষে অবস্থান নিয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, ফ্যাসিবাদী শক্তি সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। এর বিরুদ্ধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
জাতীয় ঐক্যের সঙ্গে জুলাই সনদের সম্পর্ক নেই উল্লেখ করে রিজভী আরও বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। যেসব বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো নিরসনের মধ্য দিয়েই সনদ বাস্তবায়ন করা হবে। তাঁর মতে, দেশ ও জনগণের স্বার্থে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। আওয়ামী লীগের পুনরুত্থান ঘটলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট জানিয়েছেন, বিএনপি ও জামায়াত এক মঞ্চে কিংবা যুগপৎ আন্দোলনে অংশ নেবে না। দলের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর নৈরাজ্য প্রতিহত করতে জুলাই শক্তির অংশ হিসেবে জামায়াত মাঠে থাকবে। তবে বিএনপি এখন সরকারে এবং জামায়াত বিরোধী দলে থাকায় দল দুটি পৃথক কর্মসূচি পালন করবে। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতও মাঠে শক্ত অবস্থান নেবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে এনসিপির নেতাকর্মীরা দেশব্যাপী সক্রিয় রয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তাঁরা সর্বশক্তি নিয়ে মাঠে নামবেন। তবে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, সন্ত্রাসীদের প্রতি সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদীরা অপতৎপরতার সুযোগ পাচ্ছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর এক মঞ্চে ওঠার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার আলোচনায়ও এক মঞ্চে ওঠার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জাতীয় ঐক্য গড়তে সবাইকে একই মঞ্চে আসার প্রয়োজন নেই। বরং নিজ নিজ অবস্থান থেকে অভিন্ন লক্ষ্য ও ইস্যুতে রাজপথে সক্রিয় থাকা এবং পারস্পরিক সমন্বয় বজায় রাখাই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ তৈরি হলে দেশ দুর্বল হয়ে পড়তে পারে। তাঁর মতে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছিল ওই ঐক্যের প্রধান ভিত্তি। গণভোটের রায় কার্যকর না করাই বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ। একই সঙ্গে তিনি সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
সব মিলিয়ে আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও এক মঞ্চে ওঠা বা যৌথ কর্মসূচি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বরং নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক ঐক্য কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।
















