বিএনপি যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আগে নিজেদের ভুল স্বীকার করে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মতে, জাতীয় ঐক্যের আহ্বান জানানোর আগে বিএনপিকে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে হারানো জনবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে সব ধরনের রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সমান অবস্থান নেওয়ার প্রমাণ দিতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে তিনি উল্লেখ করেন, বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানের সবচেয়ে বড় সংকট হলো বিশ্বাসযোগ্যতা। গত দুই বছরে বাংলাদেশের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, তা নষ্ট হওয়ার পেছনে বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ কীভাবে পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পেল, সেটিও আলোচনায় আনা প্রয়োজন বলে মনে করেন তিনি।
মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, গত দুই বছরে দেশের বিভিন্ন স্থানে হামলা, চাঁদাবাজি, দখলদারত্ব ও রাজনৈতিক নিপীড়নের যেসব অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে, সেগুলো নিয়ে দলটির পক্ষ থেকে যথেষ্ট আত্মসমালোচনা দেখা যায়নি। এসব ঘটনার শিকার ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনারও বিচার দাবি করেন এনসিপির এই নেতা। তবে একই সঙ্গে প্রশ্ন তোলেন, গত দুই বছরে অন্যদের ওপর যখন হামলা হয়েছে, তখন এসব অন্যায়ের বিরুদ্ধে বিএনপির একই ধরনের অবস্থান কোথায় ছিল? তাঁর মতে, বিপদের সময় জাতীয় ঐক্যের আহ্বান জানালেই মানুষ অতীতের অভিজ্ঞতা ভুলে যাবে না।
সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে ঐক্যের প্রশ্নে দলীয় পরিচয় বিবেচনা না করার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান যদি নেওয়া হয়, তাহলে তা শুধু আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকতে পারে না। গোপালগঞ্জে যে অপরাধের প্রতিবাদ করা হবে, দেশের অন্য কোথাও বিএনপি কিংবা অন্য কোনো দলের পরিচয়ে একই অপরাধ সংঘটিত হলেও তার বিরুদ্ধে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, দখলদারত্ব, দুর্নীতি, সিন্ডিকেট ও রাজনৈতিক সহিংসতা—সবই অন্যায়। অপরাধীর রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে এসব অপরাধের বিচার আলাদা করা যায় না।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মানুষ শুধু আওয়ামী লীগ সরকারের শাসনের অবসান চায়নি, বরং পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন প্রত্যাশা করেছিল। শহীদ ও আহতদের ন্যায়বিচার, জুলাই সংস্কার এবং গণভোটের গণরায় বাস্তবায়নের বিষয়গুলো কোনো রাজনৈতিক সমঝোতার আড়ালে হারিয়ে যেতে পারে না। একই সঙ্গে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যে অভিযোগ ও উদ্বেগ রয়েছে, সেগুলোরও স্পষ্ট জবাব প্রয়োজন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জাতীয় ঐক্যের চেয়ে জনগণের ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। জনগণকে রাজনৈতিক দলগুলোর স্বার্থে ঐক্যবদ্ধ করার চেষ্টা না করে, জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকেই ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জনগণের নতুন করে কারও অনুমতির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় ঐক্যের ডাক দেওয়ার আগে জনগণের হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। গত দুই বছরের অন্যায়ের হিসাব দিতে হবে, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং নিজেদের সংশোধনের প্রমাণ দিতে হবে। কারণ জনগণ কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নয়, বরং রাজনৈতিক দলগুলোই জনগণের কাছে দায়বদ্ধ। তাঁর ভাষ্য, জাতীয় ঐক্য হতে হবে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য, কোনো দলের রাজনৈতিক দায় আড়াল করার জন্য নয়।
















