জাল সার্টিফিকেট ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, জাল সনদ ব্যবহারকারীদের আর কোনোভাবেই নিজেদের জালিয়াতি আড়াল করার সুযোগ থাকবে না। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, যারা জাল সার্টিফিকেট ব্যবহার করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, চাকরি নিয়েছেন কিংবা সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন, সামনে তাদের দুর্দিন আসছে। কোনোভাবেই তারা আর নিজেদের জালিয়াতি লুকিয়ে রাখতে পারবেন না।
মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। বর্তমান বিশ্ব ক্রমেই প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও জ্ঞানসমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এ জন্য গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে এসে জ্ঞাননির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীল না হয়ে প্রকৃত জ্ঞান অর্জন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। পাশাপাশি স্কুলগুলোতে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী দিনে যার যার ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
















