জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে মোকলেছুর রহমান (মোকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচিত হয়েছেন দুই প্রার্থী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৭৪ জন।
সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীকে রাশেদুজ্জামান (রাছেল) ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের জিল্লুর রহমান পেয়েছেন ৮২ ভোট।
চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে চশমা প্রতীকে মুয়াজ্জেম হোসেন ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তালা-চাবি প্রতীকের মুনজুরুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার মো. আবু সোয়েব নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনায় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেজাউল ইসলাম। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রায়কালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম মানিক।
এ সময় রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মন্ডল নির্বাচনে জয়-পরাজয় মেনে নিয়ে সবাইকে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব বজায় রেখে একসঙ্গে বসবাস করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির কাছে ব্যবসায়ীরা প্রত্যাশা প্রকাশ করেছেন, বাজারের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
ব্যবসায়ীরা মনে করেন, বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ভাঙাচোরা রাস্তা ও চলাচলের পথ সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত ও বাজারের চলাচলের পথ দখলমুক্ত রাখা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া বাজারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, গণশৌচাগার ও পানির সুবিধা নিশ্চিত করা, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে সুশৃঙ্খল পরিবেশ তৈরি, বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করেন তারা।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি সবার সঙ্গে সমন্বয় করে বাজারের উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এতে রায়কালী বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হবে এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য বাজারটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল হয়ে উঠবে।
















