গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন শিশুটির অভিভাবক শাহজালাল রুমি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে হাইকোর্ট তাঁকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরই ধারাবাহিকতায় গত ২১ অক্টোবর শিশুটির অভিভাবক শাহজালাল রুমি ও স্থানীয় কয়েকজন ওই মাদ্রাসায় যান। সেখানে অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তী সময়ে শিক্ষককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষও পাল্টা মামলা দায়ের করে। ওই মামলায় শাহজালাল রুমিসহ কয়েকজনের বিরুদ্ধে মাদ্রাসায় হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগ আনা হয়।
মামলার পর গত ২৬ অক্টোবর শাহজালাল রুমি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। পরে ৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাঁর আবেদন শুনানি শেষে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার তিনি গাজীপুর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর শাহজালাল রুমি দাবি করেন, মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ১৭ লাখ টাকা লুটের মিথ্যা মামলা করেছে। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ ১৭ লাখ টাকার মিথ্যা মামলা দেয়। আজ আমি আদালতে গেলে আমাকে জামিন দিয়েছেন।’
শিশুকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষককে মারধর এবং মাদ্রাসা কর্তৃপক্ষের পাল্টা মামলাকে কেন্দ্র করে শুরু হওয়া এ ঘটনা ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে সংশ্লিষ্ট অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
















