দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতার স্বীকৃতি হিসেবে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যান। চিকিৎসাধীন সদস্যদের শয্যাপাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

আহত পুলিশ সদস্যদের সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে তাদের বীরত্বপূর্ণ ভূমিকার যথাযথ স্বীকৃতি দেওয়া হবে। এ জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।
তিনি জানান, সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা দিতে হবে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, চাকরিতে যোগ দেওয়ার সময় সদস্যরা প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেদের গুরুতর আহত হওয়ার পরও বাহিনীর সদস্যরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব সময় প্রস্তুত রয়েছে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন। তারা সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তাদের যথাযথ কর্মজীবন পরিকল্পনা বা ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জে, একজন গাজীপুর সদরে এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত ছিলেন।
চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হলেন দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম ও মো. রাকিবুল ইসলাম। এর মধ্যে মো. আবু আলম ইন্সপেক্টর পদে কর্মরত।
















