সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জনতা বাজারে দোকানের মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া গ্রামের বাসিন্দা মান্না চেয়ারম্যান এবং জলুসা গ্রামের নুরে আলম জিকুর পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের জনতা বাজারে একটি দোকানের মালিকানা নিয়ে আমজোড়া গ্রামের মান্না চেয়ারম্যান ও জলুসা গ্রামের নুরে আলম জিকুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

এর জের ধরে শনিবার সকালে আমজোড়া ও জলুসা গ্রামের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং পরে তা মারামারিতে রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়ালে দুপক্ষের অর্ধশত মানুষ আহত হন। আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখনো কোনো পক্ষ থেকেই মামলা দায়ের করা হয়নি।

















