বগুড়া শহরের সাবগ্রামে প্রতিবেশীর বাড়ির দেয়াল ও সংকুচিত রাস্তার কারণে সাবেক পুলিশ কর্মকর্তা মো. ফজলুল হকের মরদেহ নিয়ে যাওয়ার পথ আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। স্বজনদের কাঁধে থাকা খাটিয়াটি সরু গলির বাঁকে থমকে দাঁড়ালে ভোগান্তির পাশাপাশি ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশী মো. বকুল ও মো. মিঠু হোসেন বাড়ি নির্মাণের সময় পৌরসভার নিয়ম মানেননি। তৎকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তার প্রাপ্য জায়গাটুকুও দখল করে তাদের ইমারত গড়ে উঠেছে। মানুষের চলাচলের পথ সংকুচিত করে গড়ে ওঠা এসব স্থাপনা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে রয়েছে।
একসময়ের সাবগ্রাম ইউনিয়ন ২০০৬ সালের পর বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে রূপ নেয় এবং বর্তমানে তা বগুড়া সিটি করপোরেশনের অংশ। কিন্তু কাগজে-কলমে শহরের সীমানা ও নাগরিক মর্যাদা বাড়লেও এলাকার মানুষের ভোগান্তির চিত্র বদলায়নি। সরু রাস্তার কারণে জরুরি প্রয়োজনে একটি অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকা তো দূরের কথা, মৃত মানুষের কফিন বহনের পথটুকুও এখন অবরুদ্ধ হয়ে পড়েছে।
সুনামগঞ্জের সুরমা ইউনিয়নে ওয়ার্ডবাসীর সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

এ বিষয়ে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানিয়েছেন, নিয়ম না মেনে বাড়ি নির্মাণের বিষয়টি কর্তৃপক্ষ খতিয়ে দেখবে এবং বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনের মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে এই সংকট কেটে যাবে।

















