শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার ছোট বোন রাশিদা বেগমও মৃত্যুবরণ করেছেন।
আনিছুর রহমানের বড় ভাই খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে আনিছুর রহমানের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের বাসিন্দা ছিলেন। আনিছুর রহমান টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শ্রীপুর কলেজের সাবেক ভিপি এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন ধরে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রোববার দুপুরে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করেন।
ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

খলিলুর রহমান জানান, বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথেই বোন রাশিদা বেগম কান্নায় ভেঙে পড়েন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও মারা যান। শোকের এমন ধরন পুরো এলাকায় বিষাদময় পরিবেশ তৈরি করেছে। আগামীকাল সোমবার সকাল ১১টায় নিজ বাড়িতে আনিছুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে। একই সাথে দুই ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
















