রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরের ঘটনাকে বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের উচ্চশিক্ষিত মহলেও প্রকাশ্যে এ ধরনের ‘মব’ তৈরি হলে দেশ কোন পথে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠে।
আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!

ঘটনার জন্য বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা-কর্মীদের দায়ী করে তিনি অভিযোগ করেন, তাঁদের কর্মকাণ্ড বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে একটি কালো অধ্যায় তৈরি করেছে।
রাড্ডা মেডিকেল সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, সেই ঘটনার ক্ষত এখনো তাজা। আইইডিসিআরে ঘটে যাওয়া ঘটনাকে তিনি সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ বলে অভিহিত করেন।
ডা. শফিকুর রহমানের দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে দেশের ভঙ্গুর স্বাস্থ্যসেবা খাতকে পুনরুদ্ধার করা কঠিন হবে।

















