‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে’—এমন হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে ওঠে নড়াইলের কালিয়ার পরিবেশ। বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দুই নেতাকর্মী নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নিহত সোহেল রানার বোনের কান্নার ভিডিও। ভাইকে হারিয়ে তাঁর এই আকুতি নাড়া দিয়েছে অনেকের হৃদয়। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এদিকে একই রাতে দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক কার্যালয় ও রাজনৈতিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণহানির পাশাপাশি ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়।
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শেখ শাহীন ইসলাম এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হয়েছেন।
পুলিশ সুপার শিকদার আল-মামুন জানান, নিহত শেখ শাহীন কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের নিছার উদ্দিনের ছেলে। অন্যদিকে সোহেল বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে।
আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অর্ধশতাধিক মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শোভাযাত্রা বের করেন। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে একটি খালের কাছে পৌঁছালে হামলার ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীদের দাবি, সেখানে আগে থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চারশ নেতাকর্মী অবস্থান করছিলেন। একপর্যায়ে শোভাযাত্রায় হামলা চালানো হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
আহত শেখ শাহীন, সোহেল রানা ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়ার পথে শাহীন ও সোহেলের মৃত্যু হয়।
পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছেন বাসের হেলপার মো. সিয়াম হাওলাদার। বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে। বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাস দাঁড়িয়ে ছিল। দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়।
টহল পুলিশ আগুন দেখতে পেয়ে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের সরিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জগলুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
দুই ভাইয়ের মধ্যে সিয়াম ছিলেন বড়। দীর্ঘদিন ধরে পিরোজপুর-মঠবাড়িয়া রুটে বাসের হেলপার হিসেবে কাজ করতেন তিনি। ছয় বছর আগে ক্যানসারে মারা যান তাঁর মা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। সিয়ামের সৎমা শিল্পী বেগম বলেন, সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন সিয়াম। তাঁকে হারিয়ে পুরো পরিবার এখন অসহায়।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাতে কে বা কারা বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেয়।
পাঁচলাইশ থানার পুলিশ জানিয়েছে, টহলরত সদস্যরা আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
পিরোজপুরের নাজিরপুরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কবিরাজবাড়ী বাজারের চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। একই রাতে শাখারিকাঠি ইউনিয়ন পরিষদ ভবনেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগর এলাকায় পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে মাদারীপুরের শিবচর ও জাজিরা উপজেলার সীমান্ত এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছ কেটে ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে দুর্বৃত্তরা।
রাজধানীর পল্লবীতে সাগুফতা ফুড কোর্টের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। পরে বাসের কর্মচারী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একই রাতে রাজধানীর শাহজাহানপুর ও শ্যামপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহজাহানপুরের বিস্ফোরণে নাসিমা বেগম (৪০) নামে এক নারী গুরুতর আহত হন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় এক রাতেই তিনটি বাস, দুটি লেগুনা ও একটি ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম চান্দরা এলাকায় একটি মিনি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।
এ ছাড়া রংপুর নগরীর পর্যটনপাড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। বরিশালের গৌরনদীতে একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ এবং মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
নেত্রকোনার বারহাট্টায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে কার্যালয়ের পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে যায়। একই উপজেলার পরিত্যক্ত অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের একাধিক কার্যালয়ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাংকটির এরিয়া অফিস ও ঢেমশা শাখার ভবনের প্রধান ফটকে আগুন দেওয়া হয়। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। নৈশপ্রহরী ও কর্মকর্তারা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফরিদপুরের সালথায় শাখাটিতে আগুন দেওয়ার চেষ্টা হলে ব্যবস্থাপক ও কর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলেন।
হবিগঞ্জের নবীগঞ্জে ব্যাংকটির কালিয়ারভাঙ্গা শাখার সাইনবোর্ড ও ব্যানারে আগুন দেওয়া হয়। রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। বরিশাল নগরীর সিএন্ডবি সড়কে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসেও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাও ঘটেছে। বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে এবং নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে সেগুলো প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া খুলনায় জজকোর্টের বারান্দা ও সার্কিট হাউসের মাঠে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সব মিলিয়ে বুধবার দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন বিএনপির দুই নেতাকর্মী ও এক বাসশ্রমিক। আহত হয়েছেন আরও কয়েকজন। বিভিন্ন ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
















