নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে এক দুর্বৃত্ত। যাত্রীবেশে বাসে উঠে ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়েই দ্রুত পালিয়ে যায় সে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে এ ঘটনা ঘটে। তবে চালক, হেলপার ও যাত্রীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই সবাই বাস থেকে নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাঁচপুর ব্রিজের পাশে নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামার জন্য বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি বাসে ওঠে। এরপর বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। আগুন ধরিয়ে দিয়েই ওই ব্যক্তি দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়।
এ সময় বাসের চালক, হেলপার ও যাত্রীরা পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত বাস থেকে নেমে যান। তাঁদের তৎপরতায় সবাই নিরাপদে বের হতে সক্ষম হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নারায়ণগঞ্জে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার!

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা জানান, কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার সময় যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, চালক ও যাত্রীদের সতর্কতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাই নিরাপদে বাস থেকে নেমে যেতে পেরেছেন। খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রকাশ্য যাত্রী ওঠানামার স্থানে এমন অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যাত্রীবেশে বাসে উঠে আগুন দেওয়ার ঘটনায় গণপরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
















