ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্প এলাকা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন। পরে তারা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রমিকদের বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। গাছা, বোর্ড বাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকাতেও হাজারো শ্রমিক আন্দোলনে অংশ নেন। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

একপর্যায়ে হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শ্রমিক অসন্তোষ ও উত্তপ্ত পরিস্থিতির কারণে মালিকপক্ষ অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকেই বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা আন্দোলন করছেন। একপর্যায়ে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে শ্রমিকরা সড়কে অবস্থান করায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
অন্যদিকে পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনায় পুরো শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
















