আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ মো. জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শনিবার (১৭ অক্টোবর) ভোরে আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. জামাল মিয়া ওরফে সেলিম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগজ গ্রামের মৃত আব্দুর রহিম ও মৃত জোহুরা বেগমের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা নিয়ে চন্দ্রার দিক থেকে বাইপেইলের দিকে যাওয়া হচ্ছে।
শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

এই তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবির আভিযানিক দল আজ শনিবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনি জামে মসজিদের সামনে বটগাছের নিচে মহাসড়কে চেকপোস্ট বসায়। সেখানে একটি পিকআপের গতি রোধ করে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ৬ লাখ টাকা মূল্যের রেজিস্ট্রেশনবিহীন ফোটন (FOTON) ব্র্যান্ডের একটি নীল রঙের পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জামাল মিয়া জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তা বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. জামাল মিয়া ওরফে সেলিমের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক ও একটি চুরির মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

















