চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ডেস্কে উপস্থিত হন তিনি। এ সময় তাঁর পাসপোর্ট ও ভিসা যাচাই করে পুলিশ জানতে পারে, তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। পরে তাঁকে আটক করা হয়।
জাহাঙ্গীর হোসেন পাবনা জেলার আটঘরিয়া থানার বারুইপাড়া এলাকার ইসমাইল সরদারের ছেলে। তিনি পাবনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আমির হামজার ভাইরাল অডিও সত্য: রাশেদ খাঁন

দর্শনা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ভারতে যাওয়ার সময় জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়েছে। গত ১৭ আগস্ট আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
















