বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালেও শ্রমিকেরা আজমপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন। ফলে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। এতে অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ তাঁদের দাবিগুলো পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কোনো সমাধান হয়নি। এ কারণে তাঁরা সড়কে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
৭০০ বছরের ঐতিহাসিক আল্লাহর মসজিদ!

শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ এবং মজুরি বৃদ্ধি। এসব দাবি আদায়ে বৃহস্পতিবার সকালেও তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে রয়েছে শিল্প পুলিশ ও থানা পুলিশ। তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে না যাওয়ায় ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।
















