দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আফ্রিকার দ্বীপরাষ্ট্র সিসিলিতে উচ্চ বেতনে চাকরির চূড়ান্ত সুযোগ পেয়েছেন এক তরুণ। তার নাম মো. মুরাদ হোসেন। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার বিষপাড়া গ্রামের বাসিন্দা। দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাহিনীর চলমান উদ্যোগের এক সাফল্য এটি।
আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে অর্জিত কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে এই সুযোগ তৈরি করেছেন মো. মুরাদ হোসেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে সিসিলি থেকে তার ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর কথা রয়েছে।
সিসিলিতে চাকরির চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনলাইনে তার সাক্ষাৎকার গ্রহণ করে। এ ক্ষেত্রে বাহিনীর উদ্যোগে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে সাক্ষাৎকার প্রদানের যাবতীয় ব্যবস্থা করা হয়। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন সফিপুর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এবং বাহিনীর সদর দপ্তরের প্রকল্প প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক।
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহযোগিতায় মুরাদ হোসেন প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও একটি চাকরির সুযোগ পেয়েছিলেন। তবে পারিবারিক সমস্যার কারণে সে সময় তার দুবাই যাওয়া সম্ভব হয়নি বলে তিনি বলেন। পরবর্তীতে সিসিলিতে এই আন্তর্জাতিক চাকরির অফার পাওয়ায় তার কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মজীবনে এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সদস্যদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বহুমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এর আওতায় জাপানি ভাষা শিক্ষা (N4 ও N5 স্তর), 6G ওয়েল্ডিং, মেসন, ড্রাইভিংসহ বিভিন্ন চাহিদাভিত্তিক কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি সাংস্কৃতিক অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নে সম্প্রতি যুক্ত করা হয়েছে ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ কেন্দ্রের বাস।
প্রশিক্ষণকে বাস্তব কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও প্রশিক্ষণ পরবর্তী সহযোগিতার উদ্যোগ অব্যাহত রয়েছে। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে মুরাদ হোসেনের সিসিলিতে উচ্চ বেতনে চাকরির অফার অর্জন এসব কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের কার্যকারিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
















