কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি পরিত্যক্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে দুই ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে একই দিন ভোরে একই মালিকের আরেকটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পৃথক দুটি স্থানে এক মালিকের দুটি পরিত্যক্ত বাসে আগুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক স্বজল মিয়া বলেন, “আমার দুটি বাস মেরামতের জন্য দুই স্থানে রাখা হয়েছিল। সকালে এক গাড়িতে আগুন দেওয়া হয়েছে, আবার সন্ধ্যায় আরেকটিতে। তবে কারা আমার এমন ক্ষতি করল, তা আমার জানা নেই।”
গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!

কালিয়াকৈর ফায়ার স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, একই দিনে পৃথক সময়ে বাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনো জানা সম্ভব হয়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে এবং বাস দুটি একই মালিকের। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত ঘটনা কি না, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















