গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশ ফাঁড়ি ও জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষে ভাঙচুর করা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাঁদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরে তাঁদের পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরই একদল ব্যক্তি চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে দরজা-জানালা ভাঙচুর করা হয়।
সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা পুলিশ সদস্যদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ৭ থেকে ৮ জনের একটি দল চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে স্টেশন এলাকায় প্রবেশ করে। তারা প্রথমে তাঁর কক্ষের দরজা-জানালায় কোপ দিয়ে ভাঙচুর করে। পরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ধারালো অস্ত্র দিয়ে দরজা-জানালা ভাঙচুর চালায়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও গাজীপুর সদর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় মাদক উদ্ধার ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

















