টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে কাজ করছে রিলিফ ট্রেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মির্জাপুরের মহেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে ছেড়ে আসে নীলসাগর এক্সপ্রেস। মির্জাপুর স্টেশন পার হওয়ার প্রায় পাঁচ কিলোমিটার পর এবং মহেড়া স্টেশনের প্রায় দুই কিলোমিটার আগে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।
ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন!

এ সময় বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চালককে বিষয়টি জানানো হলে ট্রেনটি মহেড়া স্টেশনের কাছে থামানো হয়। দুর্ঘটনায় লাইনচ্যুত বগিটির চাকা ও রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধারকাজে রিলিফ ট্রেন এসেছে। অল্প সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
















