টাঙ্গাইল প্রতিনিধি:
চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ, রোগীদের পরীক্ষা-নিরীক্ষার মান এবং ওয়ার্ডের পরিবেশ নিয়ে আলোচনা হয়।
চার বছর কারাভোগ শেষে দুই বছরের সন্তানসহ দেশে ফিরল বাংলাদেশি দম্পতি!

প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি মানুষের আস্থা রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এ হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
তিনি হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি সেবার মান বাড়াতে স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপনের নির্দেশনা দেন।
সভায় হাসপাতাল থেকে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, অবৈধ দোকান উচ্ছেদ, টয়লেটের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, ফরেনসিক বিভাগ চালু এবং অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জুসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদল।

















