ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (EUST) পরিদর্শন করেছে যুক্তরাজ্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন এলাকায় অবস্থিত ইকো ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেন তারা।
এ সময় যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান ইএসডিওর নির্বাহী পরিচালক ও ইকো ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ শহীদ উজ জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাজ্যের প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের অ্যাসোসিয়েট প্রো-ভাইস চ্যান্সেলর ও প্রফেসর জোসেফ ডিভাইন এবং ইউনিভার্সিটি অব বাথের ডেপুটি হেড অব ডিপার্টমেন্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মাথিল্ড রোজ লুইস মেত্রো।
পরিদর্শনকালে প্রতিনিধিদল ইইউএসটি ক্যাম্পাস ঘুরে দেখেন এবং ইকো ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি)-এর ব্যবহারিক প্রশিক্ষণ ল্যাবসহ বিভিন্ন একাডেমিক ও কারিগরি সুবিধা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষার উন্নয়ন, কারিগরি দক্ষতা, উদ্ভাবন ও প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় যুক্তরাজ্যের প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির সাথে আন্তর্জাতিক একাডেমিক সম্পৃক্ততা জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই সফর একাডেমিক জ্ঞান বিনিময় এবং ভবিষ্যতে আন্তর্জাতিক একাডেমিক সম্পৃক্ততা ও সহযোগিতার সম্ভাবনা অন্বেষণের এক মূল্যবান সুযোগ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন ইকো ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ শহীদ উজ জামান।
তিনি বলেন, “দক্ষ পেশাজীবী ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে মানসম্মত শিক্ষা, ব্যবহারিক শিখন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈশ্বিক একাডেমিক সংযোগ এগিয়ে নিতে ইইউএসটি অঙ্গীকারবদ্ধ।”
















