ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮০টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। এসব ফ্লাইটের যাত্রী হিসেবে মোট ২৩ হাজার ৮৫ জন আটকা পড়েছেন। সৌদি আরবের চলমান পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ১০৩টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২১টি রয়েছে।
আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অতীতের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট।
এ বিষয়ে বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, সৌদি আরবের পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
ফলে সৌদি আরবে যাতায়াতের অপেক্ষায় থাকা যাত্রীদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে।
















