বাসে যাত্রীদের হাতে বিনামূল্যের টিকিট তুলে দিতে এবার দেখা গেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়কে। নিজেই বাস কন্ডাক্টরের ভূমিকায় নেমে নারী যাত্রীদের হাতে টিকিট তুলে দেন তিনি। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করেন অনেকে।
শুক্রবার (২ অক্টোবর) চেন্নাইয়ের একটি সরকারি বাসে উঠে ‘ভেইত্রি পায়ানাম’ কর্মসূচির সম্প্রসারিত সংস্করণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিজয়। এ সময় তিনি বাসের নারী যাত্রীদের বিনামূল্যের টিকিট দেন। বাসে থাকা কয়েকজন কলেজছাত্রী তার সঙ্গে কথা বলেন এবং তাকে চকলেটও দেন।
সম্প্রসারিত এই কর্মসূচির আওতায় এখন মহানগর ও শহরাঞ্চলে চলাচলকারী এক্সপ্রেস, সীমিত বিরতিসহ চলাচলকারী এবং বিলাসবহুল বাসে নারী ও ট্রান্সজেন্ডার যাত্রীরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি ৪০ কিলোমিটারের বেশি দূরত্বে চলাচলকারী মফস্বল ও ঘাট এলাকার সাধারণ বাসও এই সুবিধার আওতায় আনা হয়েছে।
ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

তামিলনাড়ু সরকারের তথ্য অনুযায়ী, রাজ্যের সাতটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মোট ১২ হাজার ৬৯২টি বাসে এই সুবিধা পাওয়া যাবে। এতে প্রতিদিন প্রায় ৮৪ লাখ ৩০ হাজার নারী উপকৃত হতে পারেন বলে ধারণা করছে সরকার।
সরকারের হিসাবে, এই বাসগুলো সাতটি পরিবহন সংস্থার মোট বাসের প্রায় ৬৯ শতাংশ। পাশাপাশি প্রতিদিন নির্ধারিত একক যাত্রার প্রায় ৮৫ শতাংশও এই সুবিধার আওতায় পড়বে।
তামিলনাড়ুর পরিবহনমন্ত্রী এ. বিজয় তামিলান পার্থিবান বলেন, কর্মক্ষেত্র, কলেজ, হাসপাতালসহ বিভিন্ন জরুরি গন্তব্যে নারীদের যাতায়াত সহজ করতেই কর্মসূচিটির পরিধি বাড়ানো হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

















