ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করেছেন চীনা যুবক জ্যাকি চেউং। অনলাইনে পরিচয় থেকে প্রেম, এরপর ধর্ম পরিবর্তন করে মুসলিম রীতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনের শানডং প্রদেশের বাসিন্দা জ্যাকি চেউং। এরপর নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। পরে ৩ নভেম্বর আইনি প্রক্রিয়ায় তাঁদের বিয়ে সম্পন্ন হয়। সবশেষে ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
নার্গিস আক্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা এলাকার বাসিন্দা। তিনি খোয়াজ খাঁর মেয়ে। অন্যদিকে, জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের বাসিন্দা ঝাং সিনহাইয়ের ছেলে। পেশায় তিনি একজন লরিচালক।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন

জানা যায়, নার্গিসের বড় ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে জ্যাকি চেউংয়ের সঙ্গে তাঁর পরিচয় ও সহকর্মীর সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরেই ভাইয়ের মাধ্যমে নার্গিসের সঙ্গে পরিচয় হয় জ্যাকির। এরপর মুঠোফোন ও অনলাইনে নিয়মিত যোগাযোগের মধ্য দিয়ে মাত্র তিন-চার মাসের মধ্যেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
একপর্যায়ে সেই সম্পর্ককে স্থায়ী রূপ দিতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন জ্যাকি। নার্গিসকে জীবনসঙ্গী হিসেবে পেতে সুদূর চীন থেকে ছুটে আসেন তিনি। দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় আনন্দিত নবদম্পতি।
জ্যাকি চেউং জানান, নার্গিসকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার ইচ্ছা থেকেই তিনি বাংলাদেশে এসেছেন। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে সংসার করতে চান তিনি। এ জন্য প্রয়োজনীয় পাসপোর্ট ও ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, স্ত্রী নার্গিস ও শাশুড়িকে সঙ্গে নিয়েই চীনে ফিরে যাবেন তিনি।
এদিকে, চীন থেকে আসা জামাইকে দেখতে নার্গিসের বাড়িতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। ভিন্ন দেশের দুই মানুষের পরিচয় থেকে প্রেম এবং শেষ পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনা এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিয়ের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তাঁদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি সম্ভাব্য প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
















