প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত বিশেষায়িত শিক্ষার্থীদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার সকালে প্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে সাধারণ জনগণের সন্তানদের জন্য ভর্তি ফি কমানো, শিক্ষা সুবিধা বাড়ানো এবং প্রতিষ্ঠানটিকে সরকারি সহযোগিতার আওতায় আনার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলটির টিউশন ফি অত্যন্ত ব্যয়বহুল। প্রধানমন্ত্রী তাকে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুবিধা কীভাবে বাড়ানো যায়, সাধারণ মানুষের সন্তানদের ভর্তি প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায় এবং শিক্ষার ব্যয় কীভাবে কমানো যায়, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বলেছেন।
তিনি বলেন, অটিস্টিক শিক্ষার্থীদের বিশেষ চাহিদার কারণে একজন শিক্ষক সাধারণত পাঁচজনের বেশি শিক্ষার্থীকে দেখাশোনা করতে পারেন না। কোনো কোনো ক্ষেত্রে একজন বিশেষায়িত শিক্ষককে একজন শিক্ষার্থীর দায়িত্বও পালন করতে হয়। ফলে এ ধরনের শিক্ষা ব্যবস্থা পরিচালনায় ব্যয় অনেক বেশি।
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মন্ত্রী জানান, স্কুলটির কিছু শ্রেণিতে একজন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক রয়েছেন। এই ব্যয় কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়টি বিবেচনার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণ দিয়ে কীভাবে শিক্ষার্থীদের সহায়তায় কাজে লাগানো যায়, সে বিষয়েও ভবিষ্যতে পরিকল্পনা করা হবে বলে জানান তিনি।
‘ব্লু স্কাই’ স্কুলকে সরকারি পর্যায়ে সহযোগিতা দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। প্রতিষ্ঠানটির আধুনিকায়ন এবং বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অটিজম মোকাবিলায় আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠের পাশে অবস্থিত স্কুলটি বাংলাদেশ এয়ারফোর্স পরিচালনা করে। পরিদর্শনকালে স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।

















