আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলে মন্তব্য করেছেন তিনি। দিল্লিতে প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পেয়ে রোববার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন অভিজিৎ।
পোস্টে অভিজিৎ দীপকে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এই দেশ এর আগে এত বড় কাপুরুষ ও দাঙ্গাবাজ দেখেনি।’
এর আগে শনিবার দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। ওই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ব্যাপক ধরপাকড় চালায়। এর প্রতিবাদে রোববারও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’: আজহারী

রোববার দিল্লির এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিজিৎ দীপকে, সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুক্তি দেওয়া হয়। আটকের প্রায় ২৪ ঘণ্টা পর তাঁরা মুক্তি পান।
তবে মুক্তির ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিজেপির আইনবিষয়ক প্রধান। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী এক বছর তাঁরা এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না, যাতে শান্তিভঙ্গের আশঙ্কা তৈরি হয়।
উড়োজাহাজ থেকে আটক তিন নেতা
শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট পর উড়োজাহাজের ভেতর থেকেই সিজেপির তিন নেতাকে আটক করে পুলিশ।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার এআই ২৪২৮ ফ্লাইটটি সকাল ১০টা ১৮ মিনিটে অবতরণ করে। পরে বিমানবন্দরের এয়ারসাইড অপারেশনস কন্ট্রোল সেন্টারের নির্দেশে উড়োজাহাজটিকে দূরবর্তী পার্কিং বে আর১২-তে নেওয়া হয়। এরপর উড়োজাহাজের ভেতর থেকে তিন নেতাকে আটক করা হয়।
এদিকে, রোববার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সিজেপির। নেতাদের আটকের ঘটনা এবং পরবর্তী কর্মসূচি নিয়ে সেখানে বিস্তারিত জানানো হতে পারে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
















