যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার অপেক্ষা না করে আগেই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি অভিযোগ করেছেন, ওয়াশিংটন নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিতে কূটনৈতিক আলোচনাকে সময়ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি মোকাবিলায় তেহরান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ফার্স সংবাদ সংস্থায় প্রচারিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইরান তিনটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এগুলো হলো কূটনীতি, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক আগ্রাসন।
ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস!

যুক্তরাষ্ট্রের অবরোধ ও চাপের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘ইরান কিউবা নয় যে আপনারা অবরোধ আরোপ করবেন, আবার ভেনেজুয়েলাও নয় যে আপনারা আত্মসমর্পণ করতে বাধ্য করবেন।’ তাঁর দাবি, মার্কিন বাহিনী এখন পর্যন্ত আকাশ বা স্থল অবরোধের মাধ্যমে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। এদিকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও জানান তিনি।
গারিবাবাদির আশঙ্কা, যুক্তরাষ্ট্র নতুন করে হামলার ক্ষেত্র প্রস্তুত করতে কূটনৈতিক তৎপরতাকে কাজে লাগাতে পারে। বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এভাবে বর্ণনা করার বিষয়টিও প্রত্যাখ্যান করেন তিনি। তাঁর ভাষ্য, আইনি দৃষ্টিকোণ থেকে ইরান এখনো যুদ্ধাবস্থায় রয়েছে।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দেশটির এই উপপররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তেহরানের শর্ত পূরণ এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।
সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় চালুর জন্য আইএইএর আহ্বানের পর তিনি এ অবস্থান জানান। গারিবাবাদির অভিযোগ, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের জন্য সংস্থাটির অনুরোধের পেছনে মার্কিন অস্ত্রের কার্যকারিতা মূল্যায়নের উদ্দেশ্য থাকতে পারে। তাঁর মতে, এ ধরনের পরিদর্শনের আগে যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে এবং ইরানের সব শর্ত মেনে নিতে হবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারেও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ভূমিকার সমালোচনা করেন গারিবাবাদি। তিনি অভিযোগ করেন, গত দেড় বছরে অন্তত তিনবার যুক্তরাষ্ট্র আলোচনার ক্ষেত্রে তাদের আস্থার জায়গা নষ্ট করেছে। ফলে কূটনৈতিক আলোচনার টেবিলে ওয়াশিংটনকে বিশ্বাস করা কঠিন।
নিজের বক্তব্যের পক্ষে তিনি আলোচনার সময় সংঘটিত ১২ দিনের যুদ্ধ ও ৪০ দিনের যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি দুই সপ্তাহেরও কম সময় টিকে থাকা ১৪ দফা সমঝোতা স্মারকের কথাও উল্লেখ করেন।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাত, কূটনৈতিক আলোচনা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্যে স্পষ্ট, তেহরান কেবল কূটনৈতিক সমাধানের ওপর নির্ভর না করে সম্ভাব্য সামরিক পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও রাখছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
















