ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ এক নারীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন।
এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা অনুযায়ী, মৃত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। তার সঙ্গে উড়োজাহাজে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রীতালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় উল্লেখ করা হয়েছে।
শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।
উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।
জানা গেছে, মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার পর নিরাপত্তার স্বার্থে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিল, জরুরি অবতরণের সঙ্গে ওই নারীর মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
















