রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আন্দোলনকারীদের সরিয়ে দিতে এ সময় সাউন্ড গ্রেনেড ও বাঁশি ব্যবহার করা হয়।
রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুরে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ বিষয়ে বোর্ডের মাধ্যমে কাজ চলবে বলেও শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এরপরও তারা সড়ক ছাড়ছিলেন না।
শ্রমিক বিক্ষোভে বন্ধ তিন মেট্রোরেল স্টেশন চালু, স্বাভাবিক ট্রেন চলাচল!

মহিদুল ইসলাম আরও বলেন, পুলিশের ধারণা, আন্দোলনকারীদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।
তিনি জানান, জনভোগান্তি কমাতে পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তার উপস্থিতিতে সড়ক পরিষ্কার করা হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও কোনো লাঠিচার্জ করা হয়নি। কাউকে আটক করা হয়নি এবং পুলিশের কোনো সদস্যও আহত হননি।
















