রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬।
ইএমসিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এছাড়া এটি ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত ছিল। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২৪.৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০.৩৯ পূর্ব দ্রাঘিমাংশ।
সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সংস্থাটি আরও জানায়, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়েছিল। কম্পনের ধরণ মৃদু হওয়ায় এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ধরণের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা জানান, উৎপত্তিস্থল এবং গভীরতা বিশ্লেষণ করে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্প অনুভূত হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তবে বড় কোনো বিপদের আশঙ্কা নেই বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
















