সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে চালানো এ হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তিনি বলেছেন, এ ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড শুধু মানুষের জীবনকেই বিপন্ন করে না, বরং পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করে।
এক বছরের শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা!

শেহবাজ শরিফ আরও বলেন, এ ধরনের সহিংসতা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাই এসব হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
সৌদি আরবের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি দেশটির নেতৃত্ব ও জনগণের প্রতি পাকিস্তানের ‘অটল সংহতি’র কথা জানান। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মক্কা চুক্তিভিত্তিক যৌথ প্রতিরক্ষা কাঠামো এবং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকার অব্যাহত থাকবে।
রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে শেহবাজ শরিফের এই বক্তব্যকে সৌদি আরবের প্রতি পাকিস্তানের সমর্থনের পুনর্ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে।
















