আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। তবে এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সম্ভাব্য এই সফরকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে সংস্থাটি।
ফিফা সভাপতি ভুটানের থিম্পু সফর করবেন। তবে সেখানে সরাসরি বিমান চলাচলের সীমাবদ্ধতার কারণে তাঁর যাত্রাপথে ঢাকাসহ কয়েকটি স্থানে ট্রানজিট নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে তিনি সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দর ব্যবহার করতে পারেন। তবে শেষ পর্যন্ত কোন পথে তিনি থিম্পু যাবেন, তা এখনো নিশ্চিত নয়।
বাফুফে সূত্রে জানা গেছে, ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নিলে বিমানবন্দরে তাঁর ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বাফুফের সাধারণ সম্পাদক শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।
চেন্নাই সুপার কিংসের ভক্ত অনিরুদ্ধকে বিয়ে করছেন কাব্য মারান!

ইনফান্তিনো ঢাকায় এলে বিমানবন্দরের ভিআইপি জোনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি ও সহসভাপতিরা। তবে তাঁর বাংলাদেশে আসা এবং সাক্ষাতের বিষয়টি নির্ভর করছে চূড়ান্ত যাত্রাপথ ও ট্রানজিট পরিকল্পনার ওপর।
ফলে সব প্রস্তুতি থাকলেও ফিফা সভাপতির সম্ভাব্য ঢাকা সফর নিয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তার অপেক্ষায় রয়েছে বাফুফে।

















