গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাঙালি নদী থেকে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের প্রস্তুতিকালে সুমন (১৯) নামের এক কাঁকড়া গাড়িচালককে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয় এবং কাঁকড়া গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের আগ কচুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাঙালি নদী থেকে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। অভিযান পরিচালনার বিষয়টি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ড্রেজার মেশিন ফেলে পালিয়ে যান। এ সময় অবৈধভাবে উত্তোলন করা বালু কাঁকড়া গাড়িতে লোড করার সময় সুমনকে আটক করা হয়। তিনি সাঘাটা উপজেলার কচুয়া বাজার এলাকার শফিকুলের ছেলে।
শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস এবং কাঁকড়া গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

















